ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

গণপরিবহনে জ্বালানি নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না: সড়ক মন্ত্রী

২০২৬ মার্চ ১৪ ২০:০৪:০৮

গণপরিবহনে জ্বালানি নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না: সড়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (১৪ মার্চ) রাত থেকেই দূরপাল্লার বাসসহ সকল গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, ফলে পরিবহন চলাচলে কোনো সমস্যা হবে না।

শনিবার রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং প্রয়োজন অনুযায়ী তারা জ্বালানি নিতে পারবে।"

মন্ত্রী আরও জানান, বিআরটিসি বাসগুলো নির্ধারিত সময় ও ভাড়ায় চলাচল করছে। জ্বালানি সংকটের অজুহাতে ভাড়া বৃদ্ধি বা টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, "জ্বালানি সংকটের অজুহাতে কোথাও যাতে ভাড়া বাড়ানো না হয় বা অগ্রিম টিকিট ফেরত না দেওয়া হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।"

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে এবং চার লেনের রাস্তাগুলো সচল রাখা হয়েছে। এছাড়া পাম্পগুলো ঈদের আগে ৭ দিন এবং পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে ২০৭টি ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত