ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠায় সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

২০২৬ মার্চ ১০ ১৮:৩৪:৩৩

‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠায় সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার রূপরেখা এবং সংসদীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি ও মো. আবুল হাসনাত এমপি। সরকারি দলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম এমপি।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করা। বিশেষ করে, একটি ‘ঐকমত্যের সরকার’ গঠনের সম্ভাবনা ও এর কাঠামো নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। বিরোধী দলের পক্ষ থেকে আইন প্রণয়ন ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় বিতর্কে কার্যকর ভূমিকা রাখার সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়।

বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আমরা চাই সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের শক্তিশালী ও কার্যকর অংশগ্রহণ থাকুক। আজকের এই বৈঠকটি একটি মাইলফলক, যা সংসদকে সত্যিকারের জনকল্যাণমুখী ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপ দিতে সহায়তা করবে।”

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, জাতীয় সংকটে এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ তৈরির ওপর আমরা জোর দিয়েছি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই প্রধান শিবিরের এই সৌজন্য সাক্ষাৎ ও ঐকমত্যের আলোচনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংসদীয় কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ