ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক: ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী তৎপরতা ও উসকানিমূলক বক্তব্যের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা আসিফ নজরুল যে মন্তব্য করেছেন, তাতে তিনি সম্পূর্ণ একমত। একজন ক্রিকেটার স্বল্প সময়ের জন্য খেলতে গিয়ে যদি নিরাপত্তাহীনতায় পড়েন, তাহলে তাকে সেখানে পাঠানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হবে। শুধু খেলোয়াড় নয়, খেলা দেখতে যাওয়া সমর্থকদের নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘খেলতে যাওয়া দল ও সমর্থকদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা কীভাবে নিশ্চিত হব যে তারা নিরাপদে থাকবে?’
তৌহিদ হোসেন আরও বলেন, বর্তমান বাস্তবতায় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাংলাদেশ দল খেলবে ঠিকই, তবে ভারতের বাইরে।
ভারত থেকে তেল ও চাল আমদানির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত, সেখানে দেশ কখনো নিজের ক্ষতি করবে না। মানুষের নিরাপত্তার প্রশ্নে ভারতে না যাওয়াই আমাদের স্বার্থ। তবে চাল বা অন্যান্য পণ্য যদি কম দামে পাওয়া যায় এবং দেশের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমদানিতে কোনো বাধা নেই।
ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব মিশনে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে, সেখানে আপাতত ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পুরোপুরি নিরাপত্তা বিবেচনায় নেওয়া পদক্ষেপ।
পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি জানান, বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে। পাশাপাশি তিনি জানান, সৌদি আরবে অনুষ্ঠিতব্য একটি বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) তিনি ঢাকা ত্যাগ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত