ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ফুটবল খেলা শেষ: দেখুন ফলাফল
সরকার ফারাবী: প্রায় ১৩ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনটি আনন্দে রাঙাতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। তিন দলীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খানিকটা ব্যর্থতা নিয়েই বুধবার মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। তিন বছর আগে যাদের ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ, সেই প্রতিপক্ষের কাছেই এবার ০-১ গোলের হতাশাজনক পরাজয়।
প্রথমার্ধের ২৯ মিনিটে মালয়েশিয়ার আইনসিয়া বিনতি মুরাদের একমাত্র গোলেই হারের মুখ দেখেছে স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের মুখ দেখা হয়নি। সপ্তম মিনিটে সুলতানার পাস থেকে বক্সের বাইরে ডান প্রান্তে বল পান শামসুন্নাহার জুনিয়র। তাঁর ক্রসে ঋতুপর্ণা বলের নাগাল পেলেও টার্গেটে রাখতে ব্যর্থ হন। পরের মিনিটে আরেকটি ভালো আক্রমণ গড়ে তুলেছিল বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ঘাটতিতে ব্যবধান খুলতে পারেনি।
মাসখানেক আগে থাইল্যান্ড সফরে টানা দুই ম্যাচ বড় হারে হারার পর বাংলাদেশের হাই লাইন ডিফেন্স নিয়ে সমালোচনা হয়েছিল। সেই একই কৌশলেই বুধবার আবারও বিপদ ডেকে আনল বাটলারের দল। মাঝমাঠ থেকে নুহাদফিনা মোফ ফিরদাউসের চমৎকার চিপ পাসে বল পেয়ে বাংলাদেশের সেন্টারব্যাক কোহাতিকে ছাপিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান আইনসিয়া। তাঁকে থামাতে গোলরক্ষক রুপনা চাকমা সামনে এগিয়ে এলেও এবার আর রক্ষা হয়নি। বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মালয়েশিয়ার এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন ও স্বপ্না রানীকে নামিয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করেন কোচ বাটলার। এতে কিছুটা গতি ফিরে পেলেও গোলের দেখা মিলেনি। ৫৫ মিনিটে বাংলাদেশের হাই লাইন রক্ষণ ভেদ করে দুবার সুযোগ তৈরি করেছিল মালয়েশিয়া, কিন্তু গোল হতে দেননি রুপনা।
৬২ মিনিটে আবারও রক্ষণভাগ দুর্বলতার সুযোগ নেন আইনসিয়া। আফঈদা ও কোহাতিকে পেছনে ফেলে এগিয়ে গেলেও এবারও রুপনার দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। ৬৮ মিনিটে সুলতানার থ্রু পাস ধরে দারুণ ক্রস দেন ঋতুপর্ণা, সাগরিকার হেড পোস্ট ঘেঁষে বাইরে গেলে সমতা পাওয়ার সুযোগ হাতছাড়া হয়।
শেষ সময়ে বাংলাদেশ বারবার আক্রমণে গেলেও মালয়েশিয়ার ডিফেন্সভাগ সংগঠিত ছিল। যোগ করা সময়ে নুরফাজিরা বিনতি সানি এককভাবে এগিয়ে গিয়ে শট নিলেও রুপনার দারুণ সেভে গোল বাড়েনি। শেষ মুহূর্তে মারিয়া মাণ্ডার একক প্রচেষ্টায় বক্সে ঢুকে নেওয়া শট মালয়েশিয়ার গোলরক্ষক নুরুল আজুরিন ফিরিয়ে দিলে হার এড়াতে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ০-১ ব্যবধানে মাঠ ছাড়তে হয় আফঈদাদের, আর দীর্ঘদিন পর ঘরের মাঠে ফেরা স্মরণীয় আর হলো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত