ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

বই পাইরেসির অভিযোগে আদালত সরেজমিন তদন্তের নির্দেশ

২০২৫ নভেম্বর ১১ ১৬:২০:৪১

বই পাইরেসির অভিযোগে আদালত সরেজমিন তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :ঢাকার আদালত স্বপ্রণোদিতভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ নকল ও পাইরেটেড করে বাজারে সরবরাহ, বিক্রি এবং অনলাইনে বিক্রির অভিযোগে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত বিষয়টি তদন্ত করে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ১০ নভেম্বর আদালতে দায়ের করা একটি মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত ‘চুরি বিদ্যা’ শিরোনামের প্রতিবেদনে মাওলানা আজহারীর বই ‘এক নজরে কুরআন’ নকল ও পাইরেটেড করে বাজারে সরবরাহ ও বিক্রির অভিযোগ তুলে ধরা হয়।

টিভি চ্যানেলে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায়—বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ—অনুসন্ধান চালিয়ে বেশ কিছু নকল ও পাইরেটেড কপি সংগ্রহ করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স-এর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা বইটির নকল কপি বাজারে সরবরাহ করছে।

যদিও প্রতিষ্ঠানটি এই অভিযোগ স্বীকার করেনি। মামলাটি ১০ নভেম্বর আদালতে খারিজ করা হয়।আদালত আরও উল্লেখ করেছে, মাওলানা আজহারীর বই নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন এবং দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারী অপরাধের অন্তর্ভুক্ত। আদালত স্বপ্রণোদিত এ আদেশে অভিযোগের বিষয়ে বিশ্লেষণ এবং সরেজমিনে তদন্ত করার জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন।

এই তদন্তে যে কোনো অনিয়ম বা অপরাধ ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালত আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেছেন।এ ঘটনা দেশের প্রকাশনা খাতে কপিরাইট আইন ও লেখক সুরক্ষা বিষয়ে নতুন সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

বিচারিক ব্যবস্থা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বইটির বাজারজাতকরণ ও অনলাইন বিক্রি বিষয়ে বিশেষ নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন আদালত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন