×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

২০২৬ সেপ্টেম্বর ২০ ২০:৫৩:২৭

মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, মাদক প্রতিরোধে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমাজ থেকে মাদক সমস্যা দূর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শিক্ষকদের ভূমিকার কথাও তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে সেভাবেই শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।’

আলোচনা সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ছাড়াও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত