×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৫৭:৫৩

আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নিজস্ব প্রতিবেদক: আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চালু করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে ইউনিটটি চালু করা হয়েছে বলে জানান আনোয়ারুল আজিম। বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন কেন্দ্রটির শুধু প্রথম ইউনিট চালু থাকায় মোট বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছিল।

আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সবসময় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কোনো একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।’

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের সম্মিলিত স্থাপিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কেন্দ্রটির ৪০০ কেভি ও ২২০ কেভি সঞ্চালন সংযোগ রয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির ৫০:৫০ যৌথ উদ্যোগে কোম্পানিটি গঠিত। বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী এলাকায় কেন্দ্রটির অবস্থান।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপর ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যায়। পরে ২০২৪ সালের ১২ মার্চ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু হয়।

বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকেই কারিগরি ত্রুটিসহ বিভিন্ন কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত