ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভোটকেন্দ্রে প্রার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবদুল কাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশন (ইসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
আবদুল কাদের অভিযোগ করেন, “এত ষড়যন্ত্রের পরেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এসেছে। কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সবসময় একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছে।”
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। কাদেরের দাবি অনুযায়ী, বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদ কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট প্রার্থনা করেছেন। এ বিষয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
আবদুল কাদের বলেন, “কেন্দ্রের ভেতরে প্রার্থীরা ঢুকে হাসাহাসি করছে, ভোট চাইছে— এটা কেমন নির্বাচন? আমি রাব্বানী স্যারকে ফোন করে বলেছি, এমন পরিস্থিতিতে আপনারা কোথায়? তিনি বলেছেন ‘আমি তো আছি, আসছি।’ কিন্তু কোনো পদক্ষেপ দেখা যায়নি।”
তিনি অভিযোগ করেন, “এমফিল ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে বারবার আঁতাত করা হয়েছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কেন এ নিয়ে এত আগ্রহ ছিল। এই প্রক্রিয়াকে ব্যবহার করেই ভোটে কারচুপি করা হচ্ছে।”
আরও বলেন, “আমরা এখন বুঝতে পারছি কেন ছাত্রদল বয়সসীমা তোলার জন্য চাপ দিচ্ছিল। নির্বাচন কমিশন কার সঙ্গে সমন্বয় করে এসব করেছে— সেটা স্পষ্ট হয়ে গেছে। যাদের বড় তালিকায় আনা হয়েছিল, তারাই এখন ভোট নিয়ন্ত্রণ করছে।”
তার অভিযোগ, “নির্বাচন কমিশন আগেই আচরণবিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও, ভোটের দিনে সেটি কার্যকর করতে পারেনি। আমরা বারবার বলেছি, নিয়ম-শৃঙ্খলা মানা হচ্ছে না। কিন্তু ইসি কেবল আশ্বাসই দিয়েছে। এখন সবাই বুঝতে পারছে তারা কার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।”
এ অবস্থায় কাদের বলেন, “আমরা চাই না ডাকসু আবার একটি গণঅভ্যুত্থানের মুখোমুখি হোক। আমরা আলোচনা করে আমাদের পরবর্তী অবস্থান জানাব।”
এদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে।
ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, যা বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ