×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: পীর চরমোনাই

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৭:০৪:৩১

সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ নানা সামাজিক অনাচার দিন দিন বেড়ে চলেছে এবং এসব অনাচার বন্ধে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, দেশের মানুষ মুক্তির প্রত্যাশায় বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছে এবং জীবন দিয়েছে। কিন্তু এখনো তাদের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। যে নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, সেটি অব্যাহত থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী কিংবা শতবর্ষ উদযাপন করেও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় এনে তাদের পরীক্ষা করেছে। কিন্তু প্রচলিত নীতির মধ্যে থেকে কোনো দলই সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করলেও ক্ষমতায় যাওয়ার পর অনেকে তা ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, নীতির প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তাঁর ভাষায়, দেশের মানুষের মধ্যে এখন প্রত্যাশা তৈরি হয়েছে যে ইসলামী আন্দোলনের মাধ্যমে নীতির পরিবর্তন সম্ভব হবে।

সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা আর থাকবে না বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন দেখা যাচ্ছে না।

জুলাই সনদ নিয়ে বিএনপি সরকার এখনো তালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। গাজী আতাউর রহমান বলেন, এভাবে চলতে থাকলে জনবিস্ফোরণ ঘটতে সময় লাগবে না।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন অ্যাজেন্ডা নেই। অতীতেও তারা বলেছেন, বর্তমানে বলছেন এবং ভবিষ্যতেও জনগণের কাছে প্রকাশ্যেই বলবেন যে তারা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চান।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, দলের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে পৌঁছে শরিয়াহর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরিয়াহর বিজয়ের সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ভিশন ও মিশন নির্ধারণ করেই তাঁরা এগিয়ে যাচ্ছেন। জনগণ তাঁদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা ও আলহাজ্ব আবদুর রাজ্জাক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ