×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আমিষের ঘাটতি মেটাতে জলাশয়ে মাছ চাষ বাড়ানোর তাগিদ স্পিকারের

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:৫০:৩২

আমিষের ঘাটতি মেটাতে জলাশয়ে মাছ চাষ বাড়ানোর তাগিদ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচে-কানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। মৎস্য উৎপাদন ও আহরণের ক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের মানুষ মৎস্যসম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ-মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। দেশের সব আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে এবং মাছে-ভাতে বাঙালি’ বাস্তবায়ন করতে হবে।

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত