×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব মেলোনির

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৬:১৩:৪৩

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব মেলোনির

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বোরকা-নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে শিগগিরই একটি প্রস্তাব সরকারে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার তিনি এ কথা জানান।

নিজের জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির তরুণ শাখার একটি অনুষ্ঠানে মেলোনি বলেন, স্কুলব্যবস্থায় মানিয়ে নিতে ‘মারাত্মক সমস্যায়’ থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার প্রস্তাব থাকবে।

রোমে জোভেন্তু নাৎসিওনালে জাতীয় উৎসবে দর্শকদের করতালির মধ্যে মেলোনি বলেন, ‘আমাদের কাছে, যে কেউ ইতালিতে এসে এখানে নিজের ভবিষ্যৎ গড়তে চায়, তাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে, আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদের নিয়ম মেনে চলতে হবে। এটাই তাদের স্বাগত জানানোর একমাত্র যথাযথ পথ’।

প্রস্তাবে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন মেলোনি। তবে মুসলিম নারীদের মাথায় পরা স্কার্ফ হিজাব নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। সরকার প্রস্তাবটি অনুমোদন করলে সেটিকে আইনে রূপ দিতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

কট্টর ডানপন্থি রাজনৈতিক শিকড় থেকে উঠে আসা মেলোনি অভিবাসন ইস্যুতে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়ে এসেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব থেকে তিনি এখন ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠিত রাজনীতিকদের একজন হয়ে উঠেছেন।

আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতেও আগ্রহী মেলোনি। এ লক্ষ্যেই তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন নীতি গ্রহণ করছেন। এর মধ্যে ছোট ও মাঝারি আকারের গাড়ি এবং স্কুটারের ওপর আরোপিত অপ্রিয় সম্পত্তি করে ছাড় দেওয়ার সিদ্ধান্তও রয়েছে।

এই মাসের শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় ধরে টিকে থাকা অবিচ্ছিন্ন সরকার হিসেবে রেকর্ড গড়েছে মেলোনির রক্ষণশীল প্রশাসন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত