×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জনের মৃ'ত্যুদণ্ড

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১২:৪০:০১

মানবতাবিরোধী অপরাধে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জনের মৃ'ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দণ্ডিত অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আসামিদের অনুপস্থিতিতেই আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। বেঞ্চের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

২০২৪ সালের জুলাই আন্দোলন দমনের সময় হত্যা ও নির্যাতন চালানোর নির্দেশ এবং উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল সাত আসামির বিরুদ্ধে।

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি সপ্তম রায়। এর আগে ছয়টি মামলায় ৬১ আসামিকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।

এই দণ্ডিতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার একই দণ্ড পেলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনিও ভারতে রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল, রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সেটি পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

আন্দোলন দমনে জুলাই মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার কঠোর ভূমিকা নিয়েছিল। সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এ পর্যন্ত ছয়টি মামলার রায়ে সাজা পাওয়া ৬১ আসামির মধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৫ জনের মৃত্যুদণ্ড হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন পলাতক এবং চারজন বন্দি রয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত