×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে যারা

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৯:৪৭:৪১

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে যারা

বিজ্ঞানের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ছয় শিক্ষার্থীর একটি দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বসছে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)। এ আসরের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করা হয়েছে। দলের সঙ্গে থাকছেন একজন প্রধান দলনেতা ও দুজন সহকারী দলনেতা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্বের ফলের ভিত্তিতে। গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্বটি। সেখানে বিজয়ীদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের মধ্য থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়েই গঠন করা হয়েছে আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ দল।

বিডিজেএসও আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। এই আয়োজনের মধ্য দিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

আইজেএসও ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক।

বাংলাদেশ দলের প্রধান দলনেতার দায়িত্বে থাকছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে থাকছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী ও সমিতির জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার।

আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে শিক্ষার্থীদের প্রস্তুতিতেও থাকছে বিশেষ আয়োজন। নির্বাচিত ছয় শিক্ষার্থীকে আইজেএসওর জন্য প্রস্তুত করতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) শুরু হবে বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প। এই ক্যাম্পের মধ্য দিয়েই আন্তর্জাতিক মঞ্চের প্রতিযোগিতার জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাবে বাংলাদেশের দল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত