ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করলেও সাকিব আল হাসানের সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফিরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সরকার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বা জাতীয় দলে ফেরার আর কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক নেতা দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার উপস্থিতিকে ঘিরে নতুন করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের যে সর্বজনীন গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক অবস্থানের কারণে তা পুরোপুরি বদলে গেছে।
আমিনুল হক বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, এতদিন পর্যন্ত সাকিবকে মূলত একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই অবস্থান পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে মামলার বিচার মোকাবিলা করতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশাবাদও ব্যক্ত করেছিলেন তিনি।
তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ অবস্থানের পর সাকিব আল হাসানের দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার সম্ভাবনা কার্যত আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি