ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ বিক্রি বাতিল করল ফিফা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার একটি অংশ বিক্রির পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করেছে ফিফা। বিভিন্ন ফুটবল কনফেডারেশন, জাতীয় ফুটবল সংস্থা এবং ফিফার অভ্যন্তরীণ কর্মকর্তাদের তীব্র আপত্তির পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিতর্কিত এ উদ্যোগ থেকে সরে আসার ঘোষণা দেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার প্রধান আয়-উৎসগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হতো। প্রতিষ্ঠানটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ বিলিয়ন পাউন্ড এবং এর ২০ শতাংশ শেয়ার প্রায় ৩ দশমিক ১ বিলিয়ন পাউন্ডে বিক্রির লক্ষ্য ছিল।
তবে পরিকল্পনাটি প্রকাশের পরই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, বিভিন্ন জাতীয় ফেডারেশন এবং ফিফার ভেতরের প্রভাবশালী কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যাপক বিরোধিতা শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিষয়ে ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত পর্যালোচনা করে তিনি বুঝতে পেরেছেন, এই উদ্যোগ ফুটবল অঙ্গনে বিভাজনের সৃষ্টি করেছে। তিনি জানান, ফিফার মূল লক্ষ্য সব সময় ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ রাখা এবং খেলাটির উন্নয়নে কাজ করা। সে কারণে বিতর্কিত প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না। পাশাপাশি আগামী দিনগুলোতে ফুটবলের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এই বিনিয়োগ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন ‘থ্রাইভ ক্যাপিটাল’ সবচেয়ে এগিয়ে ছিল। আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানও এ প্রক্রিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করছিল।
তবে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, কুশনারের পক্ষ থেকেও এ প্রকল্প নিয়ে আগ্রহ কমে যায়। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বিতর্কের কারণে তারা এই উদ্যোগে নিজেদের সম্পৃক্ত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না এবং ব্র্যান্ডের সুনামের ঝুঁকি এড়াতে বিকল্প পথ খোঁজার সিদ্ধান্ত নেয়।
শুরু থেকেই উয়েফা সভাপতি আলেকজান্ডার চেফেরিন এই পরিকল্পনার বিরোধিতা করে আসছিলেন। গত বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বাস্তবায়িত হলে তারা বিশ্বকাপ বয়কট করবে।
ফিফা সদস্য দেশগুলোকে পরিকল্পনাটি অনুমোদনের জন্য আর্থিক প্রণোদনার প্রস্তাব দিলেও উয়েফার বয়কটের হুমকির কারণে প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খায়। পরবর্তীতে কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এ পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিলে উদ্যোগটি কার্যত ভেস্তে যায়। একই দিনে ইনফান্তিনোর ঘনিষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরোর পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এদিকে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর এ উদ্যোগকে ‘একজন ব্যক্তির প্রকল্প’ বলে মন্তব্য করেন। তার ভাষায়, একজন সভাপতির দায়িত্ব হলো সবাইকে ঐক্যবদ্ধ রাখা ও অনুপ্রাণিত করা, কিন্তু এই পরিকল্পনা ঠিক উল্টো পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রয়োজনে এর মূল্য দিতে হলেও নিজের অবস্থানে অনড় থাকার কথাও জানান তিনি।
বিশ্বব্যাপী সমালোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আপত্তির মুখে পরিকল্পনাটি বাতিল হওয়ায় ফিফার ভেতরের সংকট আপাতত প্রশমিত হয়েছে এবং ফুটবল অঙ্গনে নতুন করে ঐক্য ফিরিয়ে আনার প্রচেষ্টার পথ উন্মুক্ত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত