ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলার পর আনুষ্ঠানিকভাবে অবসরের পথে হাঁটতে পারেন এই কিংবদন্তি। তাকে সম্মান জানাতে বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২০২৬ বিশ্বকাপকে অনেকেই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ বড় টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করেছিলেন। ৩৯ বছর বয়সেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে পুরো আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি। এই পারফরম্যান্সে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্থান করে নেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। যদিও জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে।
এরই মধ্যে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান, যাতে নতুন নেতৃত্বের সঙ্গে দলটি ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। তবে আরেকটি বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই। ফলে শিগগিরই আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচের মাধ্যমে দেশটির সমর্থকেরা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন।
আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা ছিল সংগ্রাম ও সাফল্যের এক অনন্য মিশ্রণ। ক্যারিয়ারের শুরুতে একাধিক ফাইনালে পরাজয়ের হতাশা সঙ্গী হলেও, পরে তার নেতৃত্বেই আর্জেন্টিনা নতুন এক স্বর্ণযুগে প্রবেশ করে।
মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ, ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জয় করে। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও দলটি ফাইনালে খেলার কৃতিত্ব দেখায়।
ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিদায় নীরবে হলেও, লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো হবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এমন প্রত্যাশাই এখন আর্জেন্টাইন ফুটবল অঙ্গনের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)