ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

২০২৬ জুলাই ১৬ ১৯:২৯:২৯

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে, যা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং সমতাভিত্তিক সমাজ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় অংশ নেন।

আহমেদ আজম খান বলেন, বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক হতে পারে, তবে দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে ১৪শ’ মায়ের বুক, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। প্রত্যেকটি আসামি এবং ফ্যাসিস্টের দোসরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব। তাদের বিচার এমন দৃষ্টান্তমূলকভাবে করা হবে, যা সারা জাতি চিরকাল মনে রাখবে।’

মন্ত্রী বলেন, আবু সাঈদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। তিনি বলেন, ‘রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম ১৬ জুলাই ফ্যাসিস্টদের গুলিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আত্মাহুতি দিয়েছিলেন। আবু সাঈদের শাহাদাতের পর ১৭ জুলাই থেকে আন্দোলন যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জাতি যেভাবে এতে সম্পৃক্ত হয়, তারই পরিণতি ছিল ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান।’

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেমন ফ্যাসিবাদের পতন ঘটেছে, তেমনি দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে আবু সাঈদ ও ওয়াসিমের স্বপ্ন বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং রংপুরসহ সমগ্র দেশের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী বঞ্চিত রংপুরকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার পাশাপাশি পুরো বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নেও কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা (ফেন্সী), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত