ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গ্রাম ও শহরের প্রতিটি প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে স্বাস্থ্য অধিদপ্তর একটি বৃহৎ প্রকল্প প্রস্তুত করেছে। একই সঙ্গে আগামী ৩০ জুন পাস হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসের জন্য সুনির্দিষ্ট ও বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের মানবিক উন্নয়ন এবং সমঅধিকার নিশ্চিত করাই প্রকৃত উন্নয়নের মানদণ্ড। এ লক্ষ্যেই সরকার নীতিনির্ধারণ, বাজেট এবং সেবাব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে দেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বড় বড় স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিও সমান সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। অন্যথায় কেবল অবকাঠামোর উন্নয়ন হবে, সমাজের মানবিক রূপান্তর ঘটবে না।
সরকারকে একটি অত্যন্ত মানবিক সরকার উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, জন্মগত বিভিন্ন অসুস্থতা বা প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুরা যাতে অবহেলার শিকার না হয় এবং শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, সে লক্ষ্যে রাষ্ট্র তার নীতিগত কাঠামোয় স্থায়ী পরিবর্তন আনছে। এ কারণেই নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে।
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে একটি সমন্বিত প্রকল্প প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। এর মূল লক্ষ্য হলো শহর, নগর কিংবা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী প্রতিটি বিশেষ শিশুকে সরাসরি সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনা। এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমঅধিকার নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা যেন অন্য শিক্ষার্থীদের মতো সমান মর্যাদায় পড়াশোনার সুযোগ পায়, সে জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিবেশ ও অবকাঠামোও বিশেষ শিশুদের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি বছরজুড়ে চালু থাকবে। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে প্রান্তিক শিশুদের চিকিৎসাসেবা প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের জেনারেল সেক্রেটারি আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা