ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শুভ জন্মদিন মেসি: ৩৯ বছরেও থামেনি কিংবদন্তির পথচলা

২০২৬ জুন ২৪ ১১:৫১:১৮

শুভ জন্মদিন মেসি: ৩৯ বছরেও থামেনি কিংবদন্তির পথচলা

স্পোর্টস ডেস্ক: ২৪ জুন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জন্মদিন। ৩৯ বছরে পা রেখেও তিনি এখনো বিশ্বমঞ্চে সমানভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন। চলমান বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছেন এই মহাতারকা। সর্বশেষ অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে নকআউট পর্বে তুলেছেন তিনি। বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটি যেন প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন মেসি।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সফল খেলোয়াড়দের একজন। আজ মেসি ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টাইন এ মহাতারকা।

মেসির গল্পটা আসলে শুধু একজন ফুটবলারের গল্প নয়। এটি সীমাবদ্ধতাকে জয় করার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প। ছোটবেলায় গ্রোথ হরমোনজনিত সমস্যার কারণে তার ফুটবল ক্যারিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু প্রতিভার ওপর আস্থা রেখে তাকে সুযোগ দিয়েছিল বার্সেলোনা। সেই সুযোগই বদলে দেয় ফুটবল ইতিহাসের একটি বড় অধ্যায়।

বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন মেসি। একের পর এক গোল, অসংখ্য অ্যাসিস্ট, রেকর্ড আর শিরোপায় ভরে ওঠে তার ক্যারিয়ার। বার্সেলোনার জার্সিতে জিতেছেন অসংখ্য লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া কাপ। ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।

তবে ক্লাব ফুটবলের সাফল্যের পরও দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে বড় শিরোপা না জেতার আক্ষেপ ছিল তার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার, একের পর এক কোপা আমেরিকার হতাশা তাকে অনেক সমালোচনার মুখে ফেলেছিল। এমনকি একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেখানেই শেষ হয়নি গল্প।

২০২১ সালে কোপা আমেরিকা জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে জেতান বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ।

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই মুহূর্তেই অনেকের চোখে 'সর্বকালের সেরা' বিতর্কেরও অবসান ঘটে।

বিশ্বকাপ জয়ের পরও থেমে থাকেননি মেসি। জাতীয় দলের হয়ে জিতেছেন আরও শিরোপা, ভেঙেছেন একের পর এক রেকর্ড। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার তিনি।

ক্লাব ক্যারিয়ারেও এসেছে নতুন অধ্যায়। ইউরোপের দীর্ঘ যাত্রা শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ইন্টার মায়ামির জার্সিতে খেলছেন। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব কমেনি। গোল, অ্যাসিস্ট আর ম্যাচের নিয়ন্ত্রণে এখনো তিনি দলের সবচেয়ে বড় ভরসা।

মেসির ক্যারিয়ারের অর্জনের তালিকা এতটাই দীর্ঘ যে, তা কয়েকটি অনুচ্ছেদে শেষ করা কঠিন। ব্যালন ডি’অর জয়ের রেকর্ড, বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, গোল্ডেন বুট ফুটবলে জেতার মতো প্রায় সবকিছুই জিতেছেন তিনি।

তবে পরিসংখ্যানের বাইরেও মেসির সবচেয়ে বড় পরিচয় হয়তো অন্য জায়গায়। তার খেলা দেখেই ফুটবলের প্রেমে পড়েছে একটি প্রজন্ম। তার ড্রিবলিং, পাস, গোল কিংবা মাঠের আচরণ কোটি মানুষের কাছে অনুপ্রেরণার নাম।

রোজারিওর সেই ছোট্ট ছেলেটি আজ বিশ্ব ফুটবলের এক অমর অধ্যায়। সময়ের সঙ্গে বদলেছে ফুটবল, বদলেছে প্রজন্ম, কিন্তু লিওনেল মেসির জাদু এখনো একইভাবে মুগ্ধ করে কোটি ভক্তকে। জন্মদিনে বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছায় ভাসছেন এই কিংবদন্তি, যার নাম ফুটবল ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত