ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

২০২৬ মে ০৩ ২১:০০:৫৭

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন কার্যত ব্যর্থ হয়েছে। তার মতে, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সরকার তা উপেক্ষা করে নিজের মতো করে সংসদ পরিচালনা করেছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামাই একমাত্র পথ হয়ে দাঁড়াবে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের শেষ সেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ আরও অনেকে। সেশনটি সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

নাহিদ ইসলাম বলেন, গত ৫৪ বছর ধরে দেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের জন্য সংগ্রাম চলছে। তার ভাষায়, মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা থাকলেও পরবর্তীতে বাকশাল গঠনের মাধ্যমে সেই ধারার পরিবর্তন ঘটে। বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে উচ্চকক্ষ থাকা জরুরি। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা রাখা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধ করা এবং প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণের বাইরে নিয়োগ প্রক্রিয়া আনার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সর্বদলের সম্মতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও বিচার বিভাগের পৃথকীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শুধু সাংবিধানিক সংশোধন দিয়ে টেকসই পরিবর্তন সম্ভব নয়। তার মতে, বিএনপি যদি সংবিধানের মূলনীতি পরিবর্তন করে, সেটিও স্থায়ী হবে না। তিনি অভিযোগ করেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সংবিধান ও রাজনৈতিক ধারায় জটিলতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়টি অনেক ক্ষেত্রেই থাকলেও সিদ্ধান্ত শেষে তা কার্যত কার্যকর থাকে না। জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে, তারা ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে এতে সনদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হয়। এ কারণেই গণভোটের দাবি সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত