ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

বাণিজ্য সম্প্রসারণে বিএফটিআই-আইসিডিটির নতুন চুক্তি

২০২৬ মার্চ ২৭ ১৬:০৫:০৩

বাণিজ্য সম্প্রসারণে বিএফটিআই-আইসিডিটির নতুন চুক্তি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইসলামিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অব ট্রেড (আইসিডিটি) একটি সমঝোতা স্মারক সই করেছে।

এই চুক্তির মাধ্যমে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে আইসিডিটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ওআইসিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে সই করেন। এসময় মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী বাণিজ্যিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

এ সময় আইসিডিটির গবেষণা ও নীতিনির্ধারণ কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক খাতকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়, যাতে পারস্পরিক সহযোগিতা আরও কার্যকর হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল এই সমঝোতাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে জানায়, এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ক্ষেত্রও প্রসারিত হবে।

আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, ওআইসির বিভিন্ন ফোরামে বাংলাদেশ সক্রিয়ভাবে অবদান রেখে চলেছে। তিনি এই সমঝোতাকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে আইসিডিটির বিভিন্ন বাণিজ্য উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশকে ‘পাইলট দেশ’ হিসেবে বিবেচনা করা হতে পারে। পাশাপাশি ঢাকাকে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ২০২৬-২৭ মেয়াদের জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা নেওয়ার কথাও উল্লেখ করা হয়, যেখানে বাণিজ্য প্রদর্শনী, কর্মশালা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর এই সমঝোতা স্মারক ভবিষ্যতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরও সম্প্রসারিত হতে পারে বলে জানিয়েছে উভয় পক্ষ।

উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইসিডিটি ইসলামিক সহযোগিতা সংস্থা-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার বাজারে বড় দরপতন

দেশে সোনার বাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত