ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

ঈদের তৃতীয় জামাত সম্পন্ন,  হাজারো মুসল্লির অংশগ্রহণ

২০২৬ মার্চ ২১ ০৯:৩৮:৫৭

ঈদের তৃতীয় জামাত সম্পন্ন,  হাজারো মুসল্লির অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তিনটি জামাতেই কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশের ওপর নেমে আসা নানা বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।

মোনাজাতে রমজান মাসে পালন করা রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। এসময় অনেক মুসল্লিকে চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের নিরাপত্তা ও মুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী ইমামতি করবেন। আর পঞ্চম ও শেষ জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ