ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

দেশে আগামী ৫ দিন ধরে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

২০২৬ মার্চ ১৮ ১২:৩৩:৩২

দেশে আগামী ৫ দিন ধরে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবহাওয়ায় অস্থিরতা দেখা দিয়েছে। কোথাও গরম বাড়লেও একই সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেট বিভাগ ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (১৮ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বজ্রসহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে, তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বিস্তৃত হতে পারে। এদিনও ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

২১ মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

এদিকে ২২ মার্চের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা আবার কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত