ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সাকিবের দেশে ফেরার বিষয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২৬ মার্চ ১৮ ১০:৪০:৫০

সাকিবের দেশে ফেরার বিষয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে দলে ফেরা নিয়ে নানা জল্পনা থাকলেও আইনি জটিলতা না মেটায় তার দেশে ফেরা অনিশ্চিতই রয়ে গেছে। তবে শর্তসাপেক্ষে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছে সরকার।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে সাকিবের ফেরার জোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। সিরিজ শেষে এখনো তার ফেরাকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বলেন, সাকিব ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে সরকার তার বিষয়ে নমনীয় অবস্থান নেবে।

প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছেন। তিনি মনে করেন, অভিজ্ঞ এই ক্রিকেটারদের ফেরাটা দলের জন্য সহায়ক হতে পারে, তবে সবকিছুই নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে সাকিবকে ঘিরে বিভিন্ন প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, যা ইতিবাচক সংকেত দিচ্ছে।

তবে সামনে নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে দেখা যাবে কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি ফাহিম। তিনি জানান, সাকিব যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তার উপস্থিতি দলে নতুন মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সাকিব যদি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে তার ভূমিকা, খেলার সময়কাল ও কোন ফরম্যাটে খেলবেন—এসব বিষয় নতুন করে বিবেচনায় আসবে। এ ক্ষেত্রে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, বোর্ড ও সাকিবের নিজস্ব মতামত মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সবশেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কোনো বিষয় নয়—দলের স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে, এরপরই অন্যান্য সিদ্ধান্ত বিবেচনা করা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত