ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

‘বিসিবি উইমেন্স কাপ’ টুর্নামেন্ট ঘোষণা, পিছিয়ে গেল নারী বিপিএল

২০২৬ মার্চ ১৪ ২২:১০:২৪

‘বিসিবি উইমেন্স কাপ’ টুর্নামেন্ট ঘোষণা, পিছিয়ে গেল নারী বিপিএল

স্পোর্টস ডেস্ক: দেশের নারী ক্রিকেটের মানোন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণে ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত রাজধানী ঢাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটারদের নিয়ে এই আসর সাজানো হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। এর ফলে ১১২ জন নারী ক্রিকেটার প্রতিযোগিতামূলক এই আসরে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি প্রদান করা হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দল ও ম্যাচসেরা খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার।

এদিকে, নারী ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী এটি চলতি বছরের এপ্রিলে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সম্ভব হচ্ছে না।

নতুন সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নারী বিপিএলের প্রথম আসর শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে আগামী ২১ জুলাই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

বিসিবির এই নতুন উদ্যোগ এবং বিপিএলের চূড়ান্ত সূচি নারী ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত