ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
আইজিপি ও ডিএমপি কমিশনার পদের দৌড়ে এগিয়ে যারা
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের আভাস মিলছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে এমন গুঞ্জনে প্রশাসনিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।
সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে। আইজিপি ও ডিএমপি কমিশনার ছাড়াও র্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সিআইডি প্রধান পদেও রদবদলের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। এই ছয় পদের মধ্যে প্রথম চারটিতে বর্তমান কর্মকর্তারা চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন এবং তাদের চুক্তি বাতিল হতে পারে বলে আলোচনা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, বর্তমান আইজিপি বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তির মেয়াদ অনুযায়ী তার আরও প্রায় নয় মাস দায়িত্বে থাকার কথা। একইভাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, যার মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। অন্যদিকে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৫ মার্চ।
অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এসব চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না তা নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা নেই। মেয়াদ বৃদ্ধির আলোচনা না থাকায় নতুন করে আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার সম্ভাবনায় আগ্রহী কর্মকর্তাদের তৎপরতা বেড়েছে।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সম্ভাব্য নতুন আইজিপি হিসেবে কয়েকজন সিনিয়র কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
ডিএমপি কমিশনার পদ নিয়েও চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম ঘুরছে।
এদিকে, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকেও নতুন আইজিপি বেছে নেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নামও আলোচনায় রয়েছে।
বর্তমান আইজিপি বাহারুল আলমকে ঘিরে কিছু বিতর্কও রয়েছে। বিডিআর বিদ্রোহ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে কয়েকটি সংগঠন। ‘পিন্টু স্মৃতি সংঘ’ তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে আন্দোলনও করেছে।
সবশেষে, আইজিপির একটি খুদে বার্তা বিদায়ের জল্পনাকে আরও উসকে দেয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিনিয়র কর্মকর্তাদের উদ্দেশে ইংরেজিতে পাঠানো বার্তায় তিনি লেখেন, ‘আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই, ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ, এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’ খুদে বার্তায় আরও বলা হয়, ‘গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। বাহারুল আলম, আইজিপি।’ যা অনেকের কাছে বিদায়ের ইঙ্গিত হিসেবেই বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- স্পিকার নেই, নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন নিয়ম
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে: এখানে সরাসরি দেখুন Live
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসের নতুন সময়সূচি প্রকাশ