ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

তবে কি জামাতের সাথেই জোট বাধতে যাচ্ছে এনসিপি? 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:৩২:১৯

তবে কি জামাতের সাথেই জোট বাধতে যাচ্ছে এনসিপি? 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কি তবে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার পথে এগোচ্ছে—এমন প্রশ্নই সামনে এনেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তাঁর দাবি, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই—সম্ভবত শুক্রবার—এই জোটের ঘোষণা আসতে পারে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল কাদের এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, এনসিপি ও জামায়াতের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এনসিপি কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আবদুল কাদেরের পোস্টের পর বিষয়টি জানতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কেউ ফোন রিসিভ করেননি। একইভাবে জামায়াতের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

যদিও আবদুল কাদের এনসিপির কোনো সাংগঠনিক পদে নেই, তবে জুলাই অভ্যুত্থানের সময় তাঁর সহযোদ্ধারাই এই রাজনৈতিক দলটি গড়ে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন এনসিপির বর্তমান শীর্ষ নেতারা। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি-সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবদুল কাদের।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। অভ্যুত্থানের পর উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সম্প্রতি পদত্যাগ করে আসন্ন নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এনসিপিতে যোগ দেননি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকের দল ছাড়ার ঘোষণার দিনেই আবদুল কাদের এই জোটসংক্রান্ত দাবি সামনে আনেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপি ভুল রাজনৈতিক পথে হাঁটছে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে’।

পোস্টে আবদুল কাদের লেখেন, ‘এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষের ও নেতা–কর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

তিনি আরও দাবি করেন, আসন সমঝোতার আলোচনায় এনসিপি প্রথমে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করেছিল। পরে দর-কষাকষির মাধ্যমে তা ৩০ আসনে নেমে এসেছে। এই সমঝোতা অনুযায়ী, বাকি ২৭০ আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না।

ক্ষমতার সম্ভাব্য কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে দাবি করেন আবদুল কাদের। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনে জোট জয়ী হলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর জয় না এলে তাঁকে বিরোধীদলীয় নেতার ভূমিকায় দেখা যেতে পারে—এমন কথাবার্তাও নাকি আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে তারা ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করলেও আরও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করলেন স্নেহাশীষ বড়ুয়া

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করলেন স্নেহাশীষ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া। মঙ্গলবার... বিস্তারিত