ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
নিজেদের সিদ্ধান্তে অটল পিএসসি, স্থগিত হচ্ছে না লিখিত পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি থাকলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের সিদ্ধান্তে অটল। বহুল আলোচিত ৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার (২৪ নভেম্বর) পিএসসি পরীক্ষার আসন বিন্যাস ও পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত একাধিক কঠোর নিয়ম জারি করা হয়েছে। আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট উভয় বিষয়ের পরীক্ষার জন্য প্রকাশিত এই নির্দেশনায় হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্রসহ সব নিষিদ্ধ সামগ্রী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে তাঁর প্রার্থিতা বাতিলের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পিএসসি।
হলে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর ব্যবহার করে তল্লাশির পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হবে। নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে: বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, এবং গাণিতিক যুক্তি ব্যতীত অন্য যেকোনো ক্যালকুলেটর।
তবে, পদ–সংশ্লিষ্ট নির্দিষ্ট কিছু বিষয়ের পরীক্ষার্থীরা (যেমন: গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং) সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরিসংখ্যানের পরীক্ষার্থীরা হাইপোথিসিস টেস্টিংসহ প্রয়োজনীয় পরিসংখ্যানিক সারণিও সঙ্গে আনতে পারবেন।
পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো ধরনের আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার সময় কোনো অসদুপায়ে লিপ্ত হলে সঙ্গে সঙ্গে বহিষ্কারসহ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে প্রবেশপত্র মিলিয়ে পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হবে। সম্ভাব্য জটিলতা এড়াতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
লিখিত পরীক্ষায় ব্যবহৃত হবে ডাবল লিথোকোড ও বারকোডযুক্ত ওএমআর সংযুক্ত উত্তরপত্র। এতে নাম, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর ও কেন্দ্র–সংক্রান্ত তথ্য কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। ভুল কোড পূরণ, কাটাকাটি, দাগ বা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। মূল বা অতিরিক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম বা রেজিস্ট্রেশন নম্বর লেখা সম্পূর্ণ নিষেধ।
বাংলা বিষয়ের (০০১ ও ০০২ কোড) পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হবে। 'কারিগরি/পেশাগত' ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোড এবং 'সাধারণ' ক্যাডারের প্রার্থীরা ২০০ নম্বরের ০০২ কোডের পরীক্ষায় অংশ নেবেন। উভয় ক্যাডারের প্রার্থীদেরই দুই দিন পরীক্ষা দিতে হবে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা, আর ৩০ নভেম্বর হবে ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা। ভুল কোড পূরণের ফলে পরীক্ষা বাতিল হতে পারে।
মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এই পরীক্ষার ওএমআর উত্তরপত্রের দ্বিতীয় অংশে ৫০টি প্রশ্নের উত্তর কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক সরবরাহ করবে এবং শুধু দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কক্ষেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কমিশনের প্রকাশিত রুটিন অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- ইফতার শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর