×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে মন্থর গতিতে লেনদেন, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ১৫ ১৫:১৭:৪৭

শেয়ারবাজারে মন্থর গতিতে লেনদেন, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর ধীর গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে শেয়ারবাজার। গত সপ্তাহ থেকেই দরপতনের তীব্রতা আগের তুলনায় অনেকটা কমে এসেছে। তবে সামনে বাজারের পরিস্থিতি কেমন হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ কারণে বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সতর্কতার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছেন। বারবার লোকসানের মুখে পড়তে они আর চান না। এ কারণে আজকের বাজারে সূচক ও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে, কিন্তু লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, একটি স্থিতিশীল বাজার পরবর্তীতে ধারাবাহিক পতনের মাধ্যমে তলানিতে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থাসংকট ও আতঙ্ক তৈরি হয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবেই। তবে কমিশন যথাযথভাবে বাজার মনিটরিং করতে পারলে এবং বাজার কারসাজিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে বিনিয়োগকারীদের আতঙ্ক দূর হবে এবং আস্থা ফিরে আসবে। এতে বিনিয়োগকারীদের লেনদেনে অংশগ্রহণ বাড়লে বাজার আবারও চাঙা হবে।

এদিকে, আজ (১৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০.৫৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪.৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৮.১০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৩টির দর বেড়েছে, ২১০টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৯৯ কোটি ১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি ২২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২.৬৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৫.৫৭ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত