×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

‘তাদের আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না’

২০২৬ নভেম্বর ০৬ ১৭:০৩:৩২

‘তাদের আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা চালিয়ে এখনো যারা দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি এবং জনঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছে, তাদের আর কখনো বাংলাদেশে এসে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতবিরোধ বা আদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে একটি বিষয়ে সবাই ঐক্যবদ্ধ যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা ও হত্যাযজ্ঞ চালিয়েছে এবং দীর্ঘ কয়েক বছর ধরে আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, দেশের মানুষ তাদের আর রাজনীতি করতে দেবে না।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে সময় লেগেছে ১৭ বছর। এই আন্দোলনে আলেম-ওলামারাও রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছেন, তাঁদের সবার নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে সেই সরকারের হাত থেকে মুক্তি মিলেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে গত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও তাঁদের একজন ছিলেন উল্লেখ করে বলেন, ‘রাব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আজ বেঁচে আছি।’ এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যার শিকার ও নির্যাতিত হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার যেসব মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন, তা পুনঃস্থাপন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি আবারও অন্তর্ভুক্ত করা হবে। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আপনারা চান? ইনশাআল্লাহ।’ সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা বাংলাদেশের পঞ্চম সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী মূল্যবোধের বিষয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় তাঁরা কাজ করেছেন। দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান তাঁরা। জাতির মধ্যে কোনো বিভেদ দেখতে চান না।

ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাঁদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, তাঁরা দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ইসলামী মূল্যবোধের সব বিষয় সংবিধানে ধারণ করা হবে।

আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমালোচনা করতে হবে গঠনমূলকভাবে। সরকারের সঙ্গে অসহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত