×

ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হিরা

২০২৬ অক্টোবর ১০ ১৭:২৬:৩০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হিরা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬ থেকে ১০ অক্টোবর দেশটির রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন তিনি।

হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। তাঁর এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শতাধিক দেশের প্রতিযোগীদের কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। তাঁদের মধ্য থেকে হিফজুল কোরআন বিভাগে সেরা নির্বাচিত হন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রথম স্থান অর্জনের পুরস্কার হিসেবে হাফেজ ইহতেশামুল হক হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্যে হিরার এই অর্জন আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী এর আগে বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন। তাঁদের মধ্যে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নূরের নাম উল্লেখযোগ্য।

হাফেজ ইহতেশামুল হক হিরার এই আন্তর্জাতিক সাফল্য দেশের হিফজের শিক্ষার্থী এবং কোরআন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত