×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৩ ১৮:২৭:০৭

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া—এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঁচ বছর পর আবারও ভোটারদের কাছে নিজেদের কাজের পরীক্ষা দিতে হবে। তাই জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করাও নির্বাচিত সরকারের দায়িত্ব।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাজের মূল লক্ষ্য একই—জনগণের সেবা করা। সীমিত সম্পদকে সর্বোচ্চ কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন।

বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি গ্রামের বাড়িগুলোর ছাদেও সৌর প্যানেল বসাতে মানুষকে উৎসাহিত করতে হবে। দিনের বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে জমিয়ে রাতে ব্যবহার করা সম্ভব হলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানো যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও দক্ষতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি জানান, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের কর্মস্থলকে নিজের এলাকা হিসেবে বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকেরাও উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ