×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রূপপুরে মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:৫৭:৩২

রূপপুরে মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারবিষয়ক চুক্তির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন পারমাণবিক চুক্তির কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমি মনে করি না পড়বে।’

তিনি বলেন, বাংলাদেশ সবেমাত্র পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিভিন্ন বিকল্প খোলা রাখা প্রয়োজন। ভবিষ্যতে বাংলাদেশ আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে কি না, সেই সম্ভাবনাও এখনই বন্ধ করে দেওয়ার মতো নয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু কেন্দ্র নির্মাণের বিষয়টি নয়; জ্বালানি সরবরাহ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণসহ অনেক বিষয় একসঙ্গে বিবেচনায় নিতে হয়। প্রয়োজন অনুযায়ী এসব ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সহযোগিতা হতে পারে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এই একটা কাজ শুরু থেকে করেছে, আপনি এটাও খেয়াল করবেন আমেরিকার সঙ্গে রাশিয়ার সংকট ছিল, সমস্যা ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন।’

জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সম্পৃক্ততা বজায় থাকবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, চীন, ভারত, রাশিয়া ও তুরস্কসহ যার সঙ্গে প্রয়োজন, বাংলাদেশের সে দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, এই যে রাশিয়ার কথা বললাম, টার্কি যার যার সঙ্গে প্রয়োজন বাংলাদেশ তার এনগেজমেন্ট তার সঙ্গে করবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি আসলে মনে করি না।’

এদিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে জটিলতার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

তবে উপদেষ্টা জানান, ইউরেনিয়াম আসবে এবং এতে দেরি হবে না—এমন তথ্য তিনি জানেন। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করে অন্য কোনো পথে ইউরেনিয়াম আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ বিষয়ে সরকারের দিক থেকে বলার কিছু নেই।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত