×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৮:২৩:১৯

রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে যাওয়া ওই ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হচ্ছে বলেও জানান তিনি।

রোববার বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর সরেজমিন পরিস্থিতি পর্যালোচনার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ এ ঘটনায় ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।’

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে শুধু বদলির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এর আগে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে বক্তব্যে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত