ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান শ্রমমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একাডেমিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। দূরবর্তী এলাকা থেকে এসে যাতে ছাত্রীরা কলেজে পড়াশোনা করতে পারেন, সে সুযোগ বাড়াতে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাসও দেন তিনি।
তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ আরও বাড়াতে কলেজে প্রয়োজন অনুযায়ী আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শেখার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন।
এ জন্য গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রে ঐতিহ্যের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, একসময় এ অঞ্চলের বহু মানুষ সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মানসম্মত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা ও দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক। এ সময়ে ভবিষ্যতে কোন বিষয়ে পড়াশোনা এবং কোন ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলবে, সে বিষয়ে লক্ষ্য স্থির করা প্রয়োজন। শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে।
প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হলে এর সুনামও বাড়বে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।
গোয়াইনঘাট উপজেলায় সরকারি স্থাপনা ও সুযোগ-সুবিধা ব্যবহার করে ভবিষ্যতে উপজেলা পর্যায়েও তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের চারতলা বিশিষ্ট এক তলা একডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি