×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আইসিসি থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

২০২৬ সেপ্টেম্বর ২২ ২১:৪৮:০০

আইসিসি থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সব দেশকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতটিকে যুক্তরাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেছেন, এটি একটি দুর্বৃত্ত আদালত এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গাজার সাধারণ মানুষকে অভুক্ত ও পানি থেকে বঞ্চিত রাখার দায়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এরপর থেকেই আদালটির বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। এর আগে শিশুদের জোরপূর্বক ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে আইসিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ন্ত্রণের বাইরে ও অপরাধী একটি সংস্থা। যেটির প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সম্মান নেই। আমরা কখনো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ও কাউকে এই আদালতের দ্বারা তদন্ত ও বিচার করতে দেব না। যুক্তরাষ্ট্রবিরোধী এ আদালতের যুক্তরাষ্ট্রে কোনো বিচারিক অধিকার নেই।”

বিশ্বের অন্যান্য দেশকেও আইসিসির সদস্যপদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আপনারা এখনই এই দুর্বৃত্ত আদালত থেকে বেরিয়ে যান।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরানসহ বিভিন্ন যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, অন্য বিশ্বনেতারা যখন শান্তির কথা বলেছেন, তখন তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন।

ট্রাম্প বলেন, “ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবেলা করেছি। যেখানে অন্যান্য দেশ সাহসের কথা বলেছে, আমেরিকা সেটি দেখিয়েছে। যেখানে অন্যরা শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছি।”

ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ মুহূর্তে ইরানের চেয়ে বড় হুমকি আর কেউ হতে পারে না।

ট্রাম্প বলেন, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল, কিন্তু তিনি আর তাদের বেড়ে উঠতে দেবেন না। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে কখনো পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবেন না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত