×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যখাতের সাফল্যের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৫:২১:৫০

স্বাস্থ্যখাতের সাফল্যের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের বড় সাফল্য এই খাতের ওপর নির্ভর করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন এমন হাসপাতালগুলোতে বরাদ্দও বাড়ানো হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত আইসিইউ সেবা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। এরপর দীর্ঘ ২১ বছর পেরিয়ে যাওয়ার পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নতুন আইসিইউতে যুক্ত হয়েছে ৪০টি শয্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত