×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

হয় আমি থাকব, না হয় অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৪:০৩:৪৪

হয় আমি থাকব, না হয় অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী, আর এতেই তাঁর নজরে আসে বেশ কিছু অনিয়ম।

হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও স্বজনেরা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও তোলেন তাঁরা।

অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

তিনি জানান, হাম প্রতিরোধে ইতিমধ্যে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে এবং আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত