ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি

২০২৬ আগস্ট ১৫ ২২:০৩:০০

প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছাবেন। সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একই স্থানে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে সাধারণ মানুষের জন্য আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন সামাজিক অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের নতুন স্টেডিয়াম এলাকায় অস্থায়ী হেলিপ্যাড নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে। কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করে নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা মনে করছেন, এ সফরের মাধ্যমে জেলার যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, আন্দোলন-সংগ্রামে কিশোরগঞ্জের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও উন্নয়ন প্রত্যাশা গুরুত্ব পাবে বলে তিনি আশা করেন।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহের কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সূচনার মধ্য দিয়ে প্রান্তিক মৎস্য চাষীদের উৎসাহিত করা এবং জাতীয় অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে কিশোরগঞ্জে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন, আর প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার সাধারণ মানুষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত