ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর পরিবর্তে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল হলে পলিথিনের ব্যবহার কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘আবর্জনা মুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এ আলোচনা সভার আয়োজন করে।
নদী রক্ষা ও ঝুলন্ত সেতু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। কিন্তু দেশে যেভাবে পিলার বা খুঁটি দিয়ে সেতু ও কালভার্ট তৈরি করা হয়, তাতে নদীগুলোর তলদেশে পলি জমে দ্রুত ভরাট হয়ে যায়। হংকং, যুক্তরাজ্য বা তুরস্কের মতো দেশগুলোতে নদী বাঁচাতে ঝুলন্ত সেতু (সাসপেনশন ব্রিজ) নির্মাণ করা হয়। নদীকে বাঁচাতে হলে বাংলাদেশকেও এই বাস্তবতা মেনে কাজ করতে হবে এবং পিলারভিত্তিক সেতু নির্মাণের ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে।
বর্জ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ‘ফোর-আর’ নীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, পলিথিন ও একক ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক বর্জ্য কমাতে জনগণকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাজারে কেনাকাটার সময় নিজেদের চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। চলতি আগস্ট মাসের মধ্যে বাজারগুলোতে ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে মনিটরিং ও আইনি অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বেশ কিছু অর্জন ও পরিকল্পনা তুলে ধরে বলেন, গত ছয় মাসে ২ হাজার একর দখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৩০ জুলাই পর্যন্ত ১ হাজার ৮০৭ একর জমি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া কঠোর নজরদারির কারণে এ বছর সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারে প্রায় ৪০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। কার্বন ট্রেডিং নিশ্চিত করতে উপকূলীয় অঞ্চলে ২ কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় কাঠ পোড়ানো ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু পরিবেশগত প্রভাব নিরূপণ নয়, বরং স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ করাও অত্যন্ত জরুরি। কারণ, পরিবেশ দূষণের ফলে জনস্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, তা সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
এফইজেবির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাংবাদিক নেতা এলাহী নেওয়াজ খান সাজু, সাংবাদিক নূরুল হুদা চৌধুরী, শাহ আবদুল হালিম, মোতালেব মাসরেকি, বুলবুল আহমেদ, দেলোয়ারা ইয়াসমিন ও তারিক হাসান প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প