ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে

২০২৬ জুলাই ২৬ ১৮:৪৭:২০

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে

পার্থ হক: দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এককালীন অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ অনুদান দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম

চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত ‘গুরুতর আহত’ মর্মে চিকিৎসা সনদ, প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

কবে পাওয়া যাবে অনুদান

আবেদন জমা দেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পাঠানো হবে। পাশাপাশি নির্বাচিতদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শর্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা সর্বোচ্চ এক বছরের ব্যবধানের মধ্যে হতে হবে। চিকিৎসাকালীন একজন শিক্ষার্থী কেবল একবার আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। অথবা এসএসসি ও এইচএসসি (বা সমমান) পর্যায়ে জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩ অর্জনের সনদের কপি আপলোড করতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা অফিসপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন।

এ ছাড়া দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত ‘গুরুতর আহত’ মর্মে চিকিৎসা সনদের স্পষ্ট কপি জমা দিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং শিক্ষার্থী অথবা তার মা-বাবার সচল অনলাইন ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্টও আপলোড করতে হবে।

ব্যাংক হিসাব সংক্রান্ত নির্দেশনা

শিক্ষার্থী অথবা তার মা-বাবার নামে থাকা নিজস্ব অনলাইন ব্যাংক হিসাবের নম্বর এবং সচল মোবাইল নম্বর দিতে হবে। চেকের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। মা-বাবার অনুপস্থিতিতে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাব গ্রহণযোগ্য হবে। তবে ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাবের কারণে অর্থ ফেরত গেলে ট্রাস্ট পুনরায় অর্থ পাঠাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী আবেদন করার সময় তালিকায় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম না পেলে প্রতিষ্ঠানপ্রধানকে ইআইআইএন নম্বর উল্লেখ করে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন পাঠাতে হবে। আবেদন ডাকযোগে অথবা [email protected] ই-মেইলেও পাঠানো যাবে।

আবেদনের বিস্তারিত তথ্যনির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি... বিস্তারিত