ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় বেড়েছে আয় বৈষম্য: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ সময়ে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। বরং আগে থেকেই যাঁরা শিল্প-কারখানার মালিক ছিলেন, তাঁরাই আরও বড় হয়েছেন। এর পেছনে প্রধান কারণ ছিল গ্যাসের অপ্রতুলতা।
রোববার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বিডা ভবনে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী ১০ থেকে ১৫ বছরে সেই হার তীব্রভাবে কমে যায়। ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু মানুষের হাতেই সীমাবদ্ধ থেকেছে। তাঁর ভাষায়, এটি আয় বৈষম্য বাড়ার অন্যতম প্রধান কারণ। এর ফলেই ১৫ থেকে ২০ বছর আগের তুলনায় বর্তমানে দেশে আয় বৈষম্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আয় বৈষম্যের বৈশ্বিক সূচকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইনকাম ডিসপারিটির স্কেল শূন্য থেকে এক পর্যন্ত। সূচকের মান যত বাড়ে, বৈষম্যও তত বৃদ্ধি পায়। বাংলাদেশের ক্ষেত্রেও এ বৈষম্য আগের তুলনায় অনেক বেশি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি ভারত ও পাকিস্তানের জিডিপিতে এমএসএমই খাতের অবদান বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ২০ শতাংশ। অর্থনীতির প্রাণপ্রবাহ সচল রাখতে এমএসএমই খাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্যে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হচ্ছে। পাশাপাশি বিসিকের মাধ্যমে পাবনা, সিলেট ও নীলফামারীর সৈয়দপুরে নতুন শিল্প পার্ক স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। যেসব শিল্প পার্কে প্লট বরাদ্দ শেষ হয়ে গেছে, সেখানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করে নতুন শিল্প পার্ক নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
গ্যাস সংকট ও শিল্পায়ন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বেশি গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে গ্যাস সংকটে থাকা শিল্প-কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এ বছরের আন্তর্জাতিক এমএসএমই দিবসের প্রতিপাদ্য ‘এআইনির্ভর ভবিষ্যতে মানুষমুখী অন্তর্ভুক্তি : আগামী প্রজন্মের এমএসএমই খাতের অর্থনৈতিক ক্ষমতায়ন’ উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়ন সময়ের দাবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উইম্যান অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের প্রধান ম্যাক্স টুনন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের নাজিম আহমেদ সাত্তার এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার