ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

২০২৬ মে ০৭ ১৩:৫৩:৫৬

ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, চারটি শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতা পালন করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি একই বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (থিসিস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও মেধার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের অ্যাসোসিয়েট ফেলো এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমির চিফ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ এবং ৬টি আন্তর্জাতিক বই প্রকাশিত হয়েছে। তার তত্ত্বাবধানে ৪ জন গবেষক পিএইচডি এবং ৪০ জনেরও বেশি শিক্ষার্থী এমএসসি সম্পন্ন করেছেন। গবেষণায় তিনি ১৬টি নতুন শৈবাল প্রজাতি, ১টি পদ্ম প্রজাতি এবং ১টি পতঙ্গভুক উদ্ভিদ আবিষ্কার করেছেন। এছাড়া ন্যানো-ফিল্টার, সুপার ক্যাপাসিটর ও বায়োসেন্সর উদ্ভাবনে তার গবেষণা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক, বিভিন্ন গবেষণা ও শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও তিনি ৪০টিরও বেশি সামাজিক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। গবেষণা, উদ্ভাবন ও প্রশাসনিক নেতৃত্বের সমন্বয়ে তিনি দেশ-বিদেশে একজন স্বনামধন্য বিজ্ঞানী হিসেবে পরিচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত