ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মার্চ ৩০ ২০:৫৩:৩৯

মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে ‘মব কালচার’ বা গণপিটুনি ও বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আলোচনায় পূর্ববর্তী সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরে বর্তমান সময়ে ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে মব সহিংসতায় প্রায় ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। তিনি নিজেও ২১ ফেব্রুয়ারির একটি ঘটনার ভুক্তভোগী বলে উল্লেখ করেন এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার জানিয়ে এসেছে দেশে কোনোভাবেই মব কালচার চলতে দেওয়া হবে না। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় দেখা দেওয়া সড়ক অবরোধের প্রবণতার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সব ঘটনাকে মব হিসেবে আখ্যা দেওয়া সঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটলে তা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রী বলেন, জনগণের দাবি থাকাটা স্বাভাবিক; তবে তা অবশ্যই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তুলে ধরতে হবে। স্মারকলিপি, সেমিনার বা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ রয়েছে সবার জন্য।

তিনি জোর দিয়ে বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, কিন্তু বিশৃঙ্খল বা সহিংস পদ্ধতিতে দাবি আদায়ের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত