ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

২০২৬ মার্চ ২২ ২১:২৪:০০

ইরান যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কেবল যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েই ক্ষান্ত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার তিনি এই যুদ্ধে সরাসরি অংশ নিতে বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশগুলোর নেতাদের প্রতি প্রকাশ্য আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ইরান কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপসহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি।

রোববার (২২ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইসরায়েলের একটি এলাকা পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরান যেভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দিয়েছে এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করছে, তাতে মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদও এখন চরম ঝুঁকির মুখে।

নেতানিয়াহু বলেন, “ইরান আজ পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে। তাই এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইতোমধ্যে কোনো কোনো দেশ এই পথে হাঁটতে শুরু করেছে, তবে বিশ্বশান্তি রক্ষায় আরও জোরালো এবং সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ‘আদর্শ মিত্র’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি এই অভিযোগ নাকচ করে দেন যে, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ওয়াশিংটনকে এই যুদ্ধে টেনে এনেছে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিপদ সম্পর্কে অনেক বিশ্বনেতা ব্যক্তিগতভাবে তাঁকে সমর্থনের কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পর নেতানিয়াহুর এই নতুন আহ্বান মধ্যপ্রাচ্যের সংকটকে একটি বৈশ্বিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত