ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

দেশের বিভিন্নস্থানে দুর্ঘটনায় নিহতদের জন্য প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

২০২৬ মার্চ ২২ ১৮:১০:৫২

দেশের বিভিন্নস্থানে দুর্ঘটনায় নিহতদের জন্য প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা এবং দেশের অন্যান্য স্থানে দুর্ঘটনায় নিহত ও আহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, কুমিল্লার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ এবং দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর কুমিল্লায় রেল ক্রসিংয়ে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার নেপথ্য কারণ দ্রুত উদ্ঘাটনের জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করেছে এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দায়িত্বে অবহেলার কারণে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদেরও শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতু নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করতে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ