ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শবে বরাতে কি হালুয়া-রুটি দেওয়া জায়েজ?
ডুয়া ডেস্ক : শবে বরাত একটি মহিমান্বিত রাত, যা ১৪ শাবান দিবাগত রাতে পালিত হয়। হাদিসের ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’, যা আমাদের সমাজে ‘শবে বরাত’ নামে পরিচিত। ‘শবে বরাত’ ফারসি শব্দ, যেখানে ‘শব’ মানে রাত এবং ‘বরাত’ মানে নাজাত বা মুক্তি—অর্থাৎ এটি মুক্তির রজনী।
বিভিন্ন সহিহ হাদিসে এ রাতের গুরুত্ব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিখ্যাত সাহাবি মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (স.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)
রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাতেন সলফে সালেহিনরা। রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তসবিহ-তাহলিল পাঠ, তওবা-ইস্তেগফার ইত্যাদি আমলে তাঁরা মশগুল থাকতেন। শবে বরাতে একাকী কবর জেয়ারত করাও মোস্তাহাব আমল।
মানুষকে খাওয়ানো, দান-সদকা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ নেক আমল। শবে বরাতের রাতেও এ আমল করা যাবে এবং এর কারণে সওয়াব লাভ হবে। সুতরাং প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের হালুয়া-রুটিসহ যেকোনো খাবার খাওয়ানো, হাদিয়া পাঠানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই।
তবে হালুয়া-রুটি বানানো, খাওয়া ও বিরতরণকে শবে বরাতের জরুরি বা বিশেষ ফজিলতপূর্ণ আমল মনে করলে তা বিদআত গণ্য হবে। কেননা হালুয়া রুটি বানানো, খাওয়া বা বিতরণ করা শবে বরাতের বিশেষ কোনো আমল নয়।
শবে বরাতের বিশেষ আমল মনে না করলে বা এ রকম ভুল ধারণা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা না থাকলে মানুষকে হালুয়া-রুটিসহ যেকোনো খাবার খাওয়ানো ও বিরতরণ করা নাজায়েজ নয়।
এরপরও আলেমরা এ ধরনের যেকোনো বিষয় নিয়ে বাড়তি সতর্ক থাকতে বলেন। যেন পরবর্তী প্রজন্ম বড়দের দেখাদেখি কোনো কিছুকে রসমে পরিণত করতে না পারে। মূলত শয়তান উঁৎ পেতে থাকে মুসলিম সমাজে বিদআত ছড়িয়ে দিতে।
প্রসিদ্ধ তাবেয়ি সুফিয়ান সাওরি (রহ) বলেন- ‘ইবলিসের নিকট নাফরমানির চেয়েও বিদআত বেশি প্রিয়। কারণ নাফরমানি থেকে তাওবা করার সম্ভাবনা থাকে, কিন্তু বিদআত থেকে তাওবা করার কোনো সম্ভাবনা থাকে না।’ (শাতিবি, আলইতিসাম: ১/১১; ইমাম সুয়ুতি, আলআমরু বিল ইত্তিবা পৃ-১৯)
শবে বরাত নিয়ে কাউকে বলতে শোনা যায়, ‘শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে।’ অথচ রাসুলুল্লাহ (স.)-এর হাদিসের সঙ্গে এর দূরতম সম্পর্ক নেই। আবার কাউকে বলতে শোনা যায়, ওহুদ যুদ্ধে নবীজির দানদান মোবারক শহীদ হওয়ায় কিছুদিন তিনি শক্ত খাবার খেতে পারেননি—সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিনে ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয়। অথচ ওহুদ যুদ্ধ শাওয়ালের ৭ তারিখে, শাবান মাসের ১৫ তারিখের সঙ্গে এর সম্পর্ক নেই।
তাই আলেমদের পরামর্শ হলো- শবে বরাতে ঘটা করে খাওয়া-দাওয়ার আয়োজন বা হালুয়া-রুটি খাওয়ানো থেকে বিরত থাকাই শ্রেয়। যেমনটি একবার শুরু হওয়ার কারণে হালুয়া-রুটি বানানোকে শবে বরাতের ইবাদত মনে করে থাকেন কেউ কেউ।
তাই উত্তম হলো- এসবের পেছনে সময় নষ্ট না করে মূল ইবাদতের দিকে মনোনিবেশ করে শবে বরাতের ফজিলত লাভ করা। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ত্রুটি থেকে রক্ষা করুন। কোরআন সুন্নাহর নির্দেশনা যথাযথ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ