ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ: এ্যানি

২০২৬ মার্চ ১৫ ১৫:৫৯:২৭

আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ৫৪টি জেলায় একযোগে শুরু হতে যাওয়া ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জেলাটির কাহারোল উপজেলার সাহাপাড়া খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ ভবন থেকে বের হওয়ার সময় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার সকাল ১০টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে যাবেন। সেখানে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি পাশেই আয়োজিত একটি সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পরবর্তীতে তিনি দিনাজপুরের জেলা সদরের সমাবেশেও অংশগ্রহণ করবেন।

খাল খনন কর্মসূচির তাৎপর্য তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় কর্মসূচি হাতে নিয়েছিলেন জনগণের সুবিধা, জনগুরুত্ব এবং জনদাবিকে সম্মান ও শ্রদ্ধা রেখে। এটা একটা কর্মসূচি, এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই বিপ্লবী আন্দোলন থেকে বঞ্চিত ছিলাম।”

বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সরকারের সময় খাল খনন প্রক্রিয়া করতে গিয়ে অনেকে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। সেখানে অনেকে দখল করে রেখেছেন। বা অনেক সময় অনেক সরকার এই ধরনের কর্মসূচি হাতে নেননি। আজকে আমাদের নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে আমরা শহীদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং বেগম খালেদা জিয়ার অসংখ্য যে অসমাপ্ত কর্মসূচি রয়েছে তা সমাপ্ত করার জন্য আমরা জোরালোভাবে এই কর্মসূচি হাতে নিয়েছি।”

মন্ত্রী আরও যোগ করেন, “এই কর্মসূচি কেবল একটি আন্দোলন বা বিপ্লবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং গণজাগরণের মধ্য দিয়ে জনগণের পাশে থেকে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। যেখান থেকে আমরা যে সুবিধা পাবো, জনগণ খাল খনন কর্মসূচির যে সুবিধা পাবে এবং মাছ উৎপাদন প্রক্রিয়াটিকে আমরা আরও বৃদ্ধি করতে পারবো।”

পরিকল্পিত উন্নয়নের কথা জানিয়ে এ্যানি বলেন, “আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ। যেহেতু আমরা এদেশে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। জনগণের সুবিধার জন্য যে কাজটুকু জনগুরুত্বপূর্ণ জনদাবির মধ্যে পড়ে, কোনোভাবেই দেশের অর্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠন না হয়। দুর্নীতি সম্পূর্ণভাবে আমরা মোকাবিলা করবো। দুর্নীতির জিরো টলারেন্সে রেখে সব দিক বিবেচনায় খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা খুব সজাগ রয়েছি, খুব সতর্ক আছি এবং সাধারণ মানুষের সুবিধা, উপকার খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা যেন জাতিকে দেশের মানুষকে পৌঁছে দিতে পারি।”

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, সরকারের আগামী ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে খাল খনন কার্যক্রম অন্যতম উল্লেখযোগ্য একটি উদ্যোগ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ