ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটার নয়, আইনভঙ্গকারীরাই ঝুঁকিতে থাকবে: র্যাব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ঝুঁকি মূলত তাদের জন্য, যারা নির্বাচন বানচাল, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ফলাফল না মেনে আইন ভঙ্গের চেষ্টা করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, নির্বাচনে ঝুঁকি একেবারেই নেই—এমন নয়। তবে এই ঝুঁকি সাধারণ ভোটারদের জন্য নয়। যারা সহিংসতা সৃষ্টি করবে, ভোটকেন্দ্রে হামলা চালাবে, জাল ভোট বা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে কিংবা ফলাফল মেনে না নিয়ে আইন অমান্য করবে—ঝুঁকি তাদেরই বহন করতে হবে।
তিনি জানান, তফসিল ঘোষণার আগ থেকেই র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছে। এই সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। গত দেড় থেকে দুই মাসে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়েও অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাচন ঘিরে প্রস্তুতি তিন ধাপে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত আইজিপি—নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়। তিনি বলেন, নির্বাচন-পূর্ব ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটের দিন র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় র্যাবের টিম মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও পুলিশসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও থানার ওসিদের সঙ্গে সমন্বয় করে র্যাব দায়িত্ব পালন করবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার বিষয়ে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সে অনুযায়ী স্ট্যাটিক ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত নজরদারিও বাড়ানো হয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি রয়েছে এবং পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া ড্রোন, র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
বহিরাগতদের অবস্থান ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অযৌক্তিকভাবে বহিরাগতদের উপস্থিতি নিষিদ্ধ। এ বিষয়ে র্যাব সতর্ক নজরদারিতে রয়েছে। বড় অঙ্কের অর্থ লেনদেন বা ভোটার প্রভাবিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে এবং ভোটগ্রহণের পরিবেশ বিঘ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে।
জঙ্গি হামলার কোনো নির্দিষ্ট হুমকি নেই বলেও জানান র্যাব মহাপরিচালক। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন র্যাব ডিজি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)