ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

অদৃশ্য হামলার আশঙ্কা: সাইবার জালে বাংলাদেশ

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৫৮:৫৩

অদৃশ্য হামলার আশঙ্কা: সাইবার জালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে তৎপর হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের কিছু বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বেবিচক গত সপ্তাহে দেশের সব বিমানবন্দরে একটি সতর্কতা জারি করেছে এবং ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

এই নির্দেশনাপত্রে সই করেন বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। এটি দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা ৯ অক্টোবর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বিমান পরিবহন কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইন্সটল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো ধরনের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে সাইবার হামলার পর সেখানে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় আরও জানানো হয়, সম্প্রতি বেবিচকের নিজস্ব ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের সুপারিশ করেছে। এজন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন